চলতি সপ্তাহে ইয়েমেন ও সোমালিয়া উপকূলে পৃথক দুটি ঘটনায় ২২ জন ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ সশস্ত্র জলদস্যুদের কবলে পড়েছে। তবে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত জাহাজে থাকা নাবিকরা নিরাপদে আছেন।
গত ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে এরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি সিবু ১’ ছিনতাইয়ের শিকার হয়। জাহাজটিতে ২০ জন ক্রুর মধ্যে ১৬ জন ভারতীয়, একজন সিরীয়, একজন সুদানি এবং একজন ইরাকি নাগরিক ছিলেন। অননুমোদিত একটি নৌযান থেকে ছয়জন সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে এর নিয়ন্ত্রণ নেয়।
এর আগে গত ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ড উপকূলের কাছাকাছি এলাকা থেকে ক্যামেরুনের পতাকাবাহী ‘এমভি লুতুফ’ জাহাজটি ছিনতাই হয়। ১০ জন ক্রুর ওই জাহাজে ৬ জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি, একজন জর্জিয়ান এবং দুজন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন। দুটি স্পিডবোটে করে আসা একে-৪৭ অস্ত্রধারী আটজন জলদস্যু জাহাজটিতে উঠে নাবিকদের জিম্মি করে।
জানা গেছে, ওই জাহাজটি মোগাদিসুতে একটি তুর্কি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম বহন করছিল। উভয় জাহাজ বর্তমানে জলদস্যুদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ক্রু আহত হওয়ার খবর পাওয়া যায়নি। লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের মধ্যেই এই জোড়া ছিনতাইয়ের ঘটনা ঘটল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিবিসি/আরএসএল