ফেনীর দাগনভূঞায় ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি ওই গ্রামের মো. মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্ট করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে দাগনভূঞা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, ‘প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি নামে এক যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মামলা রুজু করে প্রচলিত আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ডিবিসি/এমএনকে