শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ এনে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো ওসমান হাদি হত্যা মামলাতেও বারবার শুনানির তারিখ পেছানো হচ্ছে। তিনি বলেন, ওসমান হাদিকে গুলি করার ৫৩ দিন এবং মৃত্যুর ৪৭ দিন পার হলেও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। বরং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চলছে। এ সময় তিনি লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার নজির টেনে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের যৌক্তিকতা তুলে ধরেন।
মামলার বাদী হিসেবে তাকে তদন্তের কোনো অগ্রগতি জানানো হচ্ছে না এবং তথ্য গোপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন জাবের। এমনকি নিজের স্বাক্ষর জাল হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিত না হলে ভবিষ্যতে কোনো নথিতে তিনি স্বাক্ষর করবেন না।
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাওয়া যায়নি উল্লেখ করে জাবের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গত চার দিন ধরে সব ধরনের চেষ্টা করেও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তিনি যদি সত্যিই জনগণের সরকার হন, তাহলে শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করতে এত প্রতিবন্ধকতা কেন?’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, কেবল সিসি ক্যামেরা বসালেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না। তিনি ঝুঁকিপূর্ণ প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘বডি ক্যামেরা’র আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নির্বাচনে অবৈধ অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এছাড়া, রাজনৈতিক দলগুলো ভারতীয় আধিপত্য, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্পষ্ট অবস্থান জানাচ্ছে না বলে সমালোচনা করেন তিনি। ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে এবং নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন জাবের।
ডিবিসি/এনএসএফ