বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতির সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে দেশের এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক শপথ নেন। শপথ গ্রহণের পরপরই দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান আসন্ন ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা পালনের সুনির্দিষ্ট রূপরেখা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের এই সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণ পর্বের আনুষ্ঠানিকতা শেষে আজ মঙ্গলবার দিবাগত রাত একায় ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন তিনি। এই উদ্বোধনী বৈঠকের মাধ্যমেই অধিবেশনের মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
ডিবিসি/হাদী