মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। এই সফরের অংশ হিসেবে তার সান ফ্রান্সিসকো যাওয়ারও পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের এই যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি চলছে। বর্তমানে তার সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি ‘নোট ভার্বাল’ পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত করা হয়েছে।
কর্মকর্তাদের বরাতে জানা যায়, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন। সাধারণ অধিবেশনের মূল কর্মসূচির পাশাপাশি এর সাইডলাইনে বিভিন্ন আয়োজনেও তার অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি একটি বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন।
এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আগেই জানানো হয়েছিল।
এদিকে, দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার বিষয়ে আলোচনা চললেও বিষয়টি আপাতত আর এগোয়নি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানান, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
ডিবিসি/পিআরএএন