আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪শে নভেম্বর) বিকেল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেল থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এনআইডি সংশোধনের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচনের আগে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিংয়ের কাজের সুবিধার্থেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি বর্তমানে জোর প্রস্তুতি গ্রহণ করছে।
ডিবিসি/পিআরএএন