বাংলাদেশ

জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং ষাটের দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তবে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন এবং এই সময়ে অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না।

 

নীতিমালা অনুযায়ী, তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ পরিচালনা করবেন। গবেষণার ক্ষেত্র সম্পর্কে তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করবেন। পাশাপাশি তাকে গবেষণাকাজের অগ্রগতি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনও জমা দিতে হবে।

 

তিনি যে প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার গবেষণার অগ্রগতি সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত রাখবে এবং গবেষণালব্ধ ফলাফল ও তথ্য-উপাত্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ইউজিসিতে পাঠাবে।

আরও পড়ুন