একাত্তরের ১লা মার্চ, সামরিক স্বৈরশাসক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। বিক্ষোভে ফেটে পড়ে বাংলার মানুষ।
অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ২৫শে মার্চ পর্যন্ত নানা ঘটনার মধ্যদিয়ে ধীরে ধীরে বাংলার স্বাধিকার আন্দোলন রূপ নেয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে। ২৬শে মার্চে তা পরিণত হয় মুক্তিযুদ্ধে।
১৯৭১ এর ১লা মার্চ। রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক চলছে।
দুপুর একটা। এমন সময় হঠাৎ করে ঘোষণা এলো ৩রা মার্চে ডাকা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়েছে।
সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাঙালি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য দিন গুণ ছিল। ঠিক তখনই পাকিস্তানের তখনকার প্রেসিডেন্ট ইয়াহিয়ার এমন ঘোষণা। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠে গোটা পূর্ববাংলা।
ছাত্র, শিক্ষক, আইনজীবী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, কলকারখানার শ্রমিকসহ সর্বস্তরের মানুষ নেমে আসে রাস্তায়। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ।
সাবেক ছাত্রনেতা অজয় দাশগুপ্ত বলেন, 'এই ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশে হাজার হাজার মিছিল, সমাবেশ বের হয়ে যায়। যেটা পরে ২৫শে মার্চ পর্যন্ত অব্যাহত হয়। সমগ্র পূর্ব পাকিস্তান যেন বাংলাদেশে পরিনত হয়ে যায় এবং সেই বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে সংকল্প ব্যক্ত করে, সেখান থেকে আর ফিরে আসেনি। পরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষনা করেন।‘
সংগ্রামের ঘোষণার অপেক্ষায় উন্মুক্ত স্বাধীনতাকামী বিক্ষুব্ধ মানুষ। তাদের মুখে উচ্চারিত হতে থাকে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন কর। সাবেক ছাত্রনেতাআেও বলেন, ‘আমরা যারা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে ছিলাম এবং যারা ডাকসুতে ছিলেন, সবাই মিলে ততক্ষণাৎ বটতলায় একটা সমাবেশ করলাম। এর পরপরই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরবর্তী নির্দশনা জানার জন্য পূর্বানীতে মিছিল করে আসলাম। তখন বঙ্গবন্ধু বললেন যে পূর্বানীতে না এসে পল্টন ময়দানে চলে যেতে। সেখানে পরবর্তী নির্দশনা পাঠাবেন তিনি।‘
জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারাদেশে হরতালের ডাক দেন।
পহেলা মার্চ গভীর রাতে সামরিক আইন জারি করে পাকিস্তান পরিপন্থী সংবাদ, খবর, চিত্র প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।