জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। স্মৃতিসৌধের আশপাশে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেওয়া হয়। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকায় বসানো হয় সিসিটিভি ক্যামেরা।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন। সেখান থেকেই সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সরকারের শপথের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে সচিবালয়ে। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা