আন্তর্জাতিক

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ একটি জানাজার নামাজ ও দাফন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সময় ড্রোন হামলার শিকার হন। হামাসের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও ইসরাইল প্রায় প্রতিদিনই এই চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ উপত্যকাটিতে রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ও আল-আওদা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় ফিলিস্তিনিদের একটি সমাবেশের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় আটজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুসেইরাতেই এর আগে ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজার নামাজ শেষে মরদেহের খাটিয়া নিয়ে বের হওয়ার সময় আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে অপেক্ষমাণ শোকাহত জনতার ওপর ড্রোন থেকে সরাসরি বোমা ফেলা হলে এই হতাহতের ঘটনা ঘটে।

 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে এবং মধ্য গাজায় একটি সন্ত্রাসী সেল লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে একই সঙ্গে তারা বেসামরিক নাগরিকদের হতাহতের খবরের বিষয়ে অবগত আছে এবং বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের চোখের সামনে পদ্ধতিগতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরীহ নাগরিকদের হত্যা ও আতঙ্কিত করে চলেছে আগ্রাসী ইসরায়েলি সরকার।

 

শুক্রবারের (১৭ জুলাই) এই জানাজায় হামলা ছাড়াও গাজার অন্যান্য স্থানে আরও বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তামাম স্কুলের কাছে ড্রোন হামলায় ৫২ বছর বয়সি এক নারী নিহত হন। এছাড়া মধ্য গাজার আজ-জাওয়ায়দা শহরে হামলায় একজন এবং নুসেইরাত শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে ইসরায়েলি গোলার আঘাতে আরও একজন প্রাণ হারান। পৃথক আরেকটি হামলায় গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং শিশুসহ বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলি গুলিতে আহত আরেক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

সূত্র: আলজাজিরা

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন