জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইরান ও বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে ‘ইরানের সহনশীলতা ও প্রতিরোধ: বিশ্বের জন্য শিক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন অডিটরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ক সমন্বিত গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী। গবেষণা কেন্দ্রের পরিচালক এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মাহদী মৌলায়ী অরনি।
এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাবির সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নাসিম আখতার হুসাইন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণা কেন্দ্রের সমন্বয়ক মুহাম্মদ উল্লাহ।
সেমিনারে বক্তারা বলেন, ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর থেকেই এর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলে আসছে। বিপ্লবের পরপরই এর পতন ঘটাতে ইরাকের মাধ্যমে দেশটির ওপর দীর্ঘ আট বছরের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। তবে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং কোনো অপশক্তির কাছে মাথা নত না করার চেতনা ইরানি জাতিকে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে প্রেরণা জুগিয়েছে। কঠিন অবরোধের মধ্যেও দেশটি জ্ঞান-বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। বিশ্বের দুই বৃহৎ শক্তি আমেরিকা ও ইসরায়েলের অন্যায় আগ্রাসন মোকাবিলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলে তারা বিশ্বকে বিস্মিত করেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, এই যুদ্ধ মোকাবিলায় ইরানের সাফল্যের পেছনে সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার- উভয় শক্তিই কাজ করেছে। তারা একদিকে যেমন সামরিক শক্তি অর্জন করেছে, অন্যদিকে তেমনি উন্নত চিন্তাধারার পাশাপাশি ঈমানের বলে বলীয়ান হয়েছে। শাহাদাতের চেতনা ইরানি সৈনিকদের মৃত্যুকে জয় করার সাহস জুগিয়েছে, যার ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। বিশ্বের সকল বঞ্চিত ও নির্যাতিত জাতিকে ইরানের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আলোচকরা।
ডিবিসি/আরএসএল