বাংলাদেশ, জেলার সংবাদ

জামালপুরে আর্জেন্টিনার পতাকা চুরি: থানায় জিডি, ফিরে পেতে পুরস্কার ঘোষণা

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২০শে জুন ২০২৬ ০৮:৫৮:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের একটি বড় আকারের পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় টুটুল শিকদার নামে এক আর্জেন্টিনা সমর্থক দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া আর্জেন্টিনার পতাকাটির সন্ধানদাতার জন্য ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করেছেন সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায়।

থানায় দেওয়া লিখিত অভিযোগ বিবরণে জানা যায়, চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি ওই এলাকার মো. মামুনুর রশীদের বাড়ির সামনে নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়।

 

ক্লাব সদস্যদের দাবি, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার জুমার নামাজের পর ভেরুসেল এক্সপ্রেস ক্লাবের সদস্য টুটুল শিকদার বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় তার সঙ্গে ক্লাবের সদস্য ও অন্যান্য আর্জেন্টিনা সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

আর্জেন্টিনা সমর্থক টুটুল শিকদার বলেন, অনেক পরিশ্রম করে টাকা-পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। যে পতাকাটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি। তিনি আরও জানান, কেউ কেউ নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পতাকার জন্য টাকা দিয়েছিলেন। পতাকা হারানোর কারণে ক্লাবের অন্য সদস্যরা ব্যথিত হয়েছেন এবং তারা দোষীদের উপযুক্ত শাস্তি চান। ভেরুসেল এক্সপ্রেস ক্লাবের সদস্য মামুন বলেন, পতাকা কেউ খুঁজে পেলে তাকে আমরা পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দেব।

 

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, টুটুল শিকদার নামে এক আর্জেন্টিনা সমর্থক পতাকা চুরির অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে এসেছেন এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন