বাংলাদেশ, জেলার সংবাদ

জামালপুরে গলায় কোরবানির মাংস আটকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরের ইসলামপুরে ঈদুল আজহার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে দুপুরে পশু কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন। খাওয়ার একপর্যায়ে হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু ঘটেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন