জেলার সংবাদ

জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় চুরি

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল বাসা থেকে হীরার আংটি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী ওই দম্পতি হলেন জামালপুর আদালতের সিভিল জজ আহমাদুল কবির সাকিল এবং তাঁর স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি।

 

জানা যায়, মঙ্গলবার বিকেলে সিভিল জজ আহমাদুল কবির সাকিল তাঁর স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় বাসায় কেউ ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং একটি হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

 

রাতে আহমাদুল কবির সাকিল বাসায় ফিরে দেখেন বাইরে থেকে দরজার তালা খোলা যাচ্ছে না। অনেক চেষ্টার পর একপর্যায়ে তিনি দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকে তিনি দেখতে পান জানালার গ্রিল কাটা এবং ঘরের আলমারিসহ সব আসবাবপত্র খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নূর মোহাম্মদ জানান, ‘বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় খোদ বিচারকের বাসায় এমন চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন