জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের বাকাই এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আন-নাফি এবং মঞ্জু মিয়ার ছেলে রিফাত। সম্পর্কে তারা মামা-ভাগ্নে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতদের পরিবারের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার বিকালে নাফি ও রিফাতকে বাড়ির আঙিনায় একসঙ্গে ফুটবল খেলতে দেখা যায়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে একটি ফুটবল ও পায়ের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ওই পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে রাত ১১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
ডিবিসি/আএসএল