জামালপুরে পৃথক স্থানে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া নামে জাতীয় ছাত্রশক্তির এক নেতা এবং ফারুক আহম্মেদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের কামারপাড়া ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া (২২) মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারগঞ্জ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির সদস্য ছিলেন। অপরদিকে নিহত ফারুক আহম্মেদ (৩৫) সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ছোট আড়ংহাটি গ্রামের আবছার উদ্দিনের ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে মজনু মিয়া তার বাড়ির পাশের ক্ষেতে ধান কাটতে যান। দুপুর ১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মজনু মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়া বলেন, ‘আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড়-বৃষ্টি শুরু হয় তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।’
অপরদিকে, জামালপুর সদর উপজেলার ছোট আড়ংহাটি এলাকায় কৃষক ফারুক আহম্মেদ জমিতে ধান কাটতে যান। দুপুরে বজ্রপাত হলে ফারুক ধানক্ষেতেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
ডিবিসি/আরএসএল