জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বিল্লাহ হোসেনের বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলার আমরীতলা এলাকায়। তবে নিহত অপর যাত্রীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, বিকেলে রানাগাছা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান এবং চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডিবিসি/এসএস