জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার দিকে শামীম মিয়া শিবজাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর নদীতে একটি জাল ভাসতে দেখে আশপাশে থাকা অন্যান্য জেলেদের সন্দেহ হয়। তারা কাছে গিয়ে শামীমের নিথর দেহ দেখতে পান। পরে তারা দ্রুত নিহতের পরিবারকে খবর দেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী বজ্রপাতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডিবিসি/পিআরএএন