বাংলাদেশ, জেলার সংবাদ

জামালপুরে সাবেক আ. লীগ নেতার মিল থেকে ৭২২ বোতল টিসিবির তেল উদ্ধার

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় এক সাবেক আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত রাইস মিলে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করেছে র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান চালানো হয়।

অভিযানটির নেতৃত্বে ছিলেন জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহাম্মেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। তারা জানান, শহরের বাগেরহাটা এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল মনসুরের পরিত্যক্ত রাইস মিলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে মিলের ভেতর মাটি খুঁড়ে টিসিবির দুই লিটার ওজনের মোট ৭২২ বোতল তেল উদ্ধার করা হয়।

 

ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য মিলের কেয়ারটেকার বিশাল মিয়া এবং ট্রাক চালক শাহীনকে আটক করা হয়েছে। তবে এই বিপুল পরিমাণ তেল ঠিক কারা এবং কবে এখানে মজুদ করেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

র‌্যাব ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, সরকারের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ন্যায্য মূল্যে বিতরণের জন্য এসব তেল বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু একটি চক্র কালো বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল এখানে লুকিয়ে রেখেছিল। ইতিমধ্যে এখান থেকে কিছু তেল সরিয়ে ফেলা হয়েছে বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত তেল পরবর্তীতে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন