জামালপুরে রাজিব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। বুধবার (২ সেপ্টেম্বর) রাত থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, গত ৩১ আগস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সাথে ব্যাটারি চালিত অটো রিক্সার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত ১৬ জন। এছাড়াও জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে রাজিব পরিবহনের বেপরোয়া গাড়ি চালানোর ফলে প্রায় সময়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। বারবার প্রশাসনকে অভিযোগ করেও এর কোনো প্রতিকার না পেয়ে বুধবার বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় রাজিব পরিবহনের রোড পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয়রা।
এ সময় বিক্ষোভকারীরা ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে বাস দুটি ভাঙচুর করা হয়।
ঘটনার পর ওই সড়কে রাজিব পরিবহনের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রেক্ষিতে বুধবার রাত থেকে জামালপুর বাস পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন জামালপুর থেকে ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে করে সাধারণ যাত্রীরা বিপাকে পড়ে।
এ ব্যাপারে জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর সাথে বারবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
ডিবিসি/এসডব্লিউএন