জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে মাহিন্দ্রা গাড়িতে করে এই মাটি কেটে নেওয়া হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছে শূন্যরেখা থেকে অবাধে মাটি কেটে নিচ্ছিলেন ভারতের নাগরিকরা। সীমান্তের শূন্যরেখা থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার (২৭ জুন) দুপুরে ধানুয়া গ্রামের কয়েকজন কৃষক জানান, বিজিবি মাইকিং করে বাংলাদেশি নাগরিকদের সীমান্তের কাছে যেতে নিষেধ করায় তারা সেখানে যেতে পারছেন না। অথচ ভারতীয় নাগরিকরা অবাধে শূন্যরেখার মাটি কেটে মাহিন্দ্রা গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন। শূন্যরেখা থেকে মাটি কেটে নেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে এ বিষয়ে বিজিবির হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, ভারতীয়রা সীমান্তঘেঁষা তাদের নিজেদের জমিতে মাটি কাটার চেষ্টা করলে বিজিবির পক্ষ থেকে তাতে বাধা প্রদান করা হয়। বিজিবির এই পদক্ষেপের পর বর্তমানে ওই এলাকায় মাটি কাটা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ডিবিসি/পিআরএএন