জেলার সংবাদ

জামায়াতে ইসলামী সুশৃঙ্খল দল, তারা একসময় বিএনপির মিত্র ছিল: স্পিকার

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। তারা একসময় বিএনপির মিত্র ছিল। ক্ষমতার মোহে নির্বাচন করলেও তারা বিরোধী দল হিসেবে সংসদে আমাদের সহযোগিতা করছে, শৃঙ্খলা বজায় রাখছে এবং সংসদীয় রীতিনীতি মেনে চলছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যগণ আইন প্রণয়ন করেন, আর স্পিকার আইন প্রণয়নে সংসদ সদস্যদের নিয়মানুযায়ী নির্দেশনা দিয়ে থাকেন।

 

এলাকার উন্নয়ন করা স্পিকারের কাজ নয়—এ কথা উল্লেখ করে লালমোহন-তজুমদ্দিনের উন্নয়ন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, "দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি। এখন এলাকায় এবং জাতীয় সংসদে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য।" এ সময় তিনি দলীয় নেতাকর্মীদেরও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

 

লালমোহন-তজুমদ্দিন উপজেলায় সৎ মানুষ খুঁজে বেড়াচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, গত ৪০ বছরে তেমন একটা সৎ লোক তিনি পাননি। তাঁকে দিয়ে কেউ কোনো অন্যায় কাজ করাতে পারবে না বলেও তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দেন। এ ছাড়া বিরোধী দল, এমনকি আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপরও কোনো ধরনের অন্যায় আচরণ করা যাবে না বলে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কড়া নির্দেশনা দেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন