দেশে ইতিবাচক রাজনীতির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের বাসায় যান।
নিজ বাসায় বিএনপি চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানান ডা. শফিকুর রহমান। এসময় তারা কুশলাদি বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
ডা. শফিকুর রহমানের বাসা থেকে রাত ৮টার দিকে বের হন তারেক রহমান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াত আমিরের বাসায় যান বিএনপি চেয়ারম্যান।
ডিবিসি/কেএলডি