আন্তর্জাতিক

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে কারাগার থেকে সাময়িক জামিনে মুক্তি দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১০ মে) নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে রাজধানী তেহরানের পারস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিজস্ব চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এর আগে গত সপ্তাহে তাঁর পরিবার ও সমর্থকেরা জানিয়েছিলেন, বছরের শুরুতে কারাগারে দুবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মী। পর্যাপ্ত চিকিৎসার অভাবে কারাগারেই তাঁর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা।

 

ফ্রান্সের প্যারিসে বসবাসরত নার্গিসের স্বামী এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা এখনো অস্থিতিশীল এবং সার্বিক পরিস্থিতি মোটেও অনুকূলে নেই। নার্গিসের আইনজীবী চিরিনে আরদাকানি জানিয়েছেন, কারাগারে এই নোবেলজয়ীর প্রায় ২০ কেজি ওজন কমে গেছে। বর্তমানে তাঁর কথা বলতেও কষ্ট হচ্ছে এবং শারীরিক পরিবর্তনের কারণে তাঁকে চেনা কঠিন হয়ে পড়েছে।

 

উল্লেখ্য, সর্বশেষ গত ১২ ডিসেম্বর ইরানের পূর্বাঞ্চলের মাশহাদ শহরে একটি স্মরণসভা থেকে নার্গিসকে গ্রেপ্তার করা হয়। এরপর অপরাধমূলক কাজের উদ্দেশ্যে সমবেত হওয়া ও যোগসাজশের অভিযোগে গত ফেব্রুয়ারিতে তাঁকে ছয় বছরের কারাদণ্ডসহ মোট সাত বছরের বেশি সময়ের সাজা দেওয়া হয়।

 

এর আগেও ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার’ এবং ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে যোগসাজশ’-এর অভিযোগে করা মামলায় ১৩ বছর ৯ মাসের সাজা ভোগ করছিলেন তিনি। তবে অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষের দিকে তেহরানের এভিন কারাগার থেকে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। ইরানে মানবাধিকার সুরক্ষা এবং নারী নিগ্রহের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে নার্গিস মোহাম্মদিকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

 

সূত্র: দ্য টােইমস অব ইসরায়েল

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন