উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনি অঙ্গরাজ্যের গান্দারকেসি (Ganderkesee) এলাকায় একটি ছোট বিমান একটি আবাসিক বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ঘটা এই দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আরেকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিকটবর্তী ওল্ডেনবার্গ শহরের পুলিশ জানিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বিমানটি হঠাৎ উচ্চতা হারিয়ে একটি আবাসিক এলাকার একটি একক পরিবারের বাড়ির ছাদে সজোরে আছড়ে পড়ে।
জার্মান বার্তা সংস্থা ডিএনএ-এর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে দুজন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং দ্বিতীয় ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় ওই বাড়ির বাসিন্দারা কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। দুর্ঘটনা স্থলের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এছাড়া নিরাপত্তার খাতিরে ওই সড়কের পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন করা হয়। স্থানীয়ভাবে প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মানসিক সহায়তা দিতে একটি ক্রাইসিস ইন্টারভেনশন টিমও মোতায়েন করা হয়েছে।
সূত্র: এপি নিউজ
ডিবিসি/পিআরএএন