জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে মশাবাহিত মারাত্মক রোগ ম্যালেরিয়ার এক বিরল প্রাদুর্ভাবে দুই বিমানবন্দর কর্মীর মৃত্যু হয়েছে। বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা 'ফ্রাপোর্ট' ও স্থানীয় জনস্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই সংক্রমণে বিমানবন্দরের বিভিন্ন বিভাগের মোট ছয়জন পুরুষ কর্মী আক্রান্ত হয়েছেন।
জার্মান জনস্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ম্যালেরিয়াবাহী মশাগুলো কোনো বিমানের মাধ্যমে বিমানবন্দরে এসে পৌঁছেছিল, যার ফলে গত জুলাই মাসে এই অস্বাভাবিক প্রাদুর্ভাবের সূত্রপাত হয়।
এদিকে, আক্রান্ত ব্যক্তিদের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস না থাকায় রোগ নির্ণয়ে কিছুটা বিলম্ব হয়, যা চিকিৎসায় ঝুঁকি বাড়িয়ে তোলে।
রবার্ট কচ ইনস্টিটিউট (RKI) জানিয়েছে, জার্মানিতে অভ্যন্তরীণভাবে এ ধরনের ম্যালেরিয়া সংক্রমণ অত্যন্ত বিরল এবং এর আগে ২০২৩ সালেও ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এমন একটি ঘটনা ঘটেছিল।
বর্তমানে বিমানবন্দরে বিশেষ ফাঁদ পেতে মশা সংগ্রহ করা হচ্ছে এবং উৎস ও প্রজাতি নির্ধারণে পরীক্ষাগারে তা বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফ্রাঙ্কফুর্ট জনস্বাস্থ্য বিভাগ আশ্বস্ত করে জানিয়েছে যে, ম্যালেরিয়া মানুষ থেকে মানুষে ছড়ায় না এবং সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত কম।
সূত্র: বিবিসি
ডিবিসি/এমএনকে