জার্মানির বার্লিনে সমকামীদের একটি মিছিলে অজ্ঞাত ব্যক্তির গাড়ি হামলার ঘটনায় অন্তত একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, 'প্রাইড প্যারেড' নামের ওই মিছিলে গাড়ি তুলে দিয়ে চালক পালিয়ে যান এবং পরবর্তীতে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বার্লিনার জেইতুং-এর সাংবাদিক ইভা ব্রাউনগার্ট প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসিকে জানান, অত্যন্ত দ্রুতগতির একটি গাড়ি মানুষের ওপর উঠে গেলে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। জীবন বাঁচাতে উপস্থিত মানুষজন চিৎকার করতে করতে চারদিকে ছোটাছুটি শুরু করেন। এর আগে তিনি নিজেও ওই মিছিলে উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টেইগ সড়কে একটি সাদা রঙের গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমকামীদের ওই মিছিলটি বাতিল করা হয়েছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এফএইচআর