আন্তর্জাতিক

জার্মানির সঙ্গে বড় ধরনের ড্রোন চুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২রা সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০:৩১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সঙ্গে টেলিফোনে ফোনালাপের পর ইউক্রেন একটি বড় ধরনের ড্রোন চুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় এবং কিয়েভ বেশ কিছুদিন আগে এই চুক্তির প্রস্তাব দিয়েছিল।

উভয় দেশের যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের ড্রোন, মিসাইল এবং সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরি করাই এই চুক্তির মূল লক্ষ্য। টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় জেলেনস্কি জানান, উভয় দেশের টিমগুলো এখন চুক্তিটির খসড়া চূড়ান্ত করছে, যা জার্মানি ও ইউক্রেন উভয়েরই প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

 

এই নতুন চুক্তিটি জার্মানি ও ইউক্রেনের মধ্যকার চলমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও একধাপ এগিয়ে নেবে। এর আগে জার্মানির অর্থায়নে কিয়েভ প্রায় ১৫ হাজার স্ট্রাইলা ইন্টারসেপ্টর ড্রোন সরবরাহের একটি বহু মিলিয়ন ইউরোর কর্মসূচি বাস্তবায়ন করেছে, যা মূলত শাহেদ-টাইপ ড্রোন প্রতিহত করার উপযোগী।

 

গত এপ্রিলে জার্মানির ডিফেন্স টেকনোলজি কোম্পানি কোয়ান্টাম সিস্টেমস এবং ইউক্রেনের ওয়াই ড্রোনস যৌথভাবে একটি ভেঞ্চার গঠন করে। ইন্টারসেপ্টর ড্রোন এবং সংশ্লিষ্ট আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির উৎপাদন বাড়াতেই এই কোয়ান্টাম ওয়াই ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করা হয়েছিল।

 

এছাড়াও জার্মানি ইউক্রেনের ড্রোন প্রস্তুতকারক স্কাইফলের তৈরি ৫০ হাজার শ্রাইক অ্যাটাক ড্রোন কেনার জন্য অর্থায়ন করছে। এটি পশ্চিমা কোনো সরকার কর্তৃক কিয়েভের জন্য অন্যতম বৃহৎ ড্রোন ক্রয়ের ঘটনা, যা দুই দেশের সামরিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন