বাংলাদেশ, শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত দেশের প্রথম ক্যাম্পাস: উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে ক্যাম্পাসের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে নির্মিত স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় জাবি সর্বপ্রথম সরকারদলীয় ছাত্রসংগঠনের প্রভাবমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে সক্ষম হয়। ১৪ জুলাই জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার মধ্য দিয়েই ক্যাম্পাসে প্রতিরোধ আন্দোলনের ভিত্তি রচিত হয়েছিল, যা কোটা সংস্কার আন্দোলনকে নতুন গতি দেয়। ওই গণআন্দোলনের ফসল হিসেবেই বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহাবস্থান, আবাসিক হলে বৈধ আসন নিশ্চিতকরণ এবং দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

বর্তমান ক্যাম্পাস পরিস্থিতির প্রসঙ্গ টেনে ড. কামরুল আহসান জানান, গত প্রায় দুই বছরে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর মধ্যে সহাবস্থানে কোনো ঘাটতি দেখা যায়নি। নতুন তিনটি ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীকে বৈধ আসন নিশ্চিত করা হয়েছে। একসময়ের গণরুম ও নির্যাতনের সংস্কৃতি দূর হয়ে বর্তমানে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারছে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি স্মৃতিফলকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন