আন্তর্জাতিক, অন্যান্য

জাহাজের হর্ন বাজিয়ে ঘুমন্ত ভাল্লুককে জাগানোয় প্রায় ৬ লক্ষ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরওয়ের স্ভালবার্ড দ্বীপপুঞ্জে একটি ঘুমন্ত মেরুভল্লুককে জাহাজের ফগহর্ন বাজিয়ে জাগানোর দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ঘটনাটি চলতি মাসের শুরুর দিকে উত্তর-পশ্চিম স্ভালবার্ডের একটি ফিয়োর্ডে ঘটে, যা উত্তর মেরু থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত।

বৃহস্পতিবার স্থানীয় গভর্নরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিকে এই ঘটনার জেরে ৫০ হাজার ক্রোনার (প্রায় ৩ হাজার ৮৯০ পাউন্ড) জরিমানা করা হয়েছে এবং তিনি জরিমানার অর্থ পরিশোধ করতে সম্মত হয়েছেন। স্ভালবার্ডের গভর্নর লার্স ফাউস এক বিবৃতিতে জানান, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জাহাজের যাত্রীরা ডাঙ্গায় একটি মেরুভল্লুককে ঘুমাতে দেখেন। এরপর জাহাজে থাকা ওই ব্যক্তি ফগহর্ন বাজিয়ে দিলে ভল্লুকটির ঘুম ভেঙে যায় এবং সেটি বিরক্ত হয়ে অন্য জায়গায় চলে যায়।


স্ভালবার্ডের স্থানীয় আইন অনুযায়ী, মেরুভল্লুককে অকারণে বিরক্ত করা, প্রলুব্ধ করা বা তাড়া করা সম্পূর্ণ বেআইনি। ১৯৭২ সাল থেকেই এই অঞ্চলে মেরুভল্লুককে সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০১৫ সালের সর্বশেষ বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এই দ্বীপপুঞ্জে প্রায় ২৫০টি মেরুভল্লুকের বসবাস রয়েছে।


স্ভালবার্ড অঞ্চলে বন্যপ্রাণীদের বিরক্ত করার কারণে জরিমানার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালেও একটি সিন্ধঘোটকের (ওয়ালরাস) খুব কাছাকাছি যাওয়ার কারণে এক পর্যটককে সাড়ে ১১ হাজার ক্রোনার জরিমানা করা হয়েছিল। স্ভালবার্ডের পরিবেশ আইনে স্পষ্টভাবে বলা আছে যে, এই দ্বীপপুঞ্জে সব ধরনের চলাচল এমনভাবে হতে হবে যাতে মেরুভল্লুক, সিল, তিমি, বল্গা হরিণ ও আর্কটিক শিয়ালের মতো স্থানীয় বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রা কোনোভাবেই ব্যাহত না হয়।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন