বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক গঠিত স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির প্রমাণ মিলেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতির কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে তদন্ত কমিটি।
বিসিবি সূত্রে জানা গেছে, জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছিলেন। এর মধ্যে তদন্ত কমিটি দুটি অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে। প্রমাণিত দুটি অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
তদন্ত কমিটি তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড মহামান্য সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সরাসরি ‘অসদাচরণ’ এবং ‘হয়রানি’র পর্যায়ে পড়ে।
তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। বিসিবি জানিয়েছে, কমিটির সুপারিশ ও তদন্ত রিপোর্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন এবং বোর্ডের আচরণবিধি মোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে।
ডিবিসি/এএমটি