বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমে আর যুক্ত থাকতে পারবেন না জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কঠোর সিদ্ধান্তের মূলে রয়েছে অস্ট্রেলিয়াপ্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ। একটি সাক্ষাৎকারে তিনি প্রথম এই অভিযোগ প্রকাশ্যে আনেন এবং পরবর্তীতে বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটির কাছে লিখিতভাবেও একই অভিযোগ দায়ের করেন।
গত ৪ ফেব্রুয়ারি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তদন্ত কমিটি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে। জাহানারার আনা মোট চারটি অভিযোগের মধ্যে দুটির বিষয়ে পর্যাপ্ত প্রমাণ না মিললেও, বাকি দুটি ক্ষেত্রে অসদাচরণের সত্যতা পাওয়া গেছে। বিসিবি জানিয়েছে, তাঁর কিছু আচরণ পেশাদারিত্বের পরিপন্থী এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সুস্পষ্টভাবে অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার আওতায় পড়ে। তদন্ত কমিটির এই সুপারিশের ভিত্তিতেই বোর্ড সভায় তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি গৃহীত হয়।
মঞ্জুরুল ইসলাম অবশ্য গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে নেই। তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত আছেন। এই বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, বিসিবির নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন জাহানারা। তবে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি।
ডিবিসি/এফএইচআর