ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের যাত্রা শুরুর আগেই তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেরও কম সময়ে।
আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। প্যারিসের ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন।
দীর্ঘ ১৪ বছর ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশমের বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। তার অধীনে নতুন অধ্যায় নিয়ে ফরাসি সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে। তাদের বিশ্বাস, জিদানের নেতৃত্বে আবারও বড় শিরোপা জিততে পারে 'লে ব্লু'।
তবে ঘরের মাঠে অভিষেকের আগে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্ক সফর করবে জিদানের দল। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে খেলবে আরেকটি অ্যাওয়ে ম্যাচ।
ঘরের মাঠে জিদানের প্রথম ম্যাচ হবে ২ অক্টোবর ইতালির বিপক্ষে। এরপর ৫ অক্টোবর একই ভেন্যুতে বেলজিয়ামকে আতিথ্য দেবে ফ্রান্স।
ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ত’ জানিয়েছে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটিরও প্রথম ক্যাটাগরির অল্প কিছু টিকিট ছাড়া প্রায় সবই বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে জিদানের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে উপচে পড়া গ্যালারির সামনে।
ডিবিসি/আরএফই