ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হৃদয়

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে ছাড়পত্র দেওয়ায় এই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বের দায়িত্ব আবারও উঠেছে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ের কাঁধে। এর আগে অস্ট্রেলিয়া সিরিজে চোটের কারণে লিটন খেলতে না পারায় নেতৃত্ব দিয়েছিলেন হৃদয়, তবে অধিনায়ক হিসেবে এখনো প্রথম জয়ের দেখা পাননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে সেই জয়ের অপেক্ষা ঘোচানোর দারুণ সুযোগ পাচ্ছেন এই তরুণ অধিনায়ক।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতির মূল কারণ শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল। লিটন দাস ও তাসকিন আহমেদ ছাড়াও একই সময়ে এলপিএলে খেলবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ফলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে তুলনামূলক তরুণ ও নতুন সমন্বয়ের একটি দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

 

দল ঘোষণার সবচেয়ে আলোচিত দিক হলো দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তিন ক্রিকেটারের প্রত্যাবর্তন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই সংস্করণের দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কার্যকর পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। ইমার্জিং দলের হয়ে ভালো পারফরম্যান্সের সুবাদে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

 

এছাড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও নির্বাচকদের আস্থা ফিরে পেয়েছেন। অন্যদিকে, দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারি। তবে ব্যাট হাতে ধারাবাহিক না হলেও স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন সাইফ হাসান, আর অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনও আছেন নির্বাচকদের পরিকল্পনায়।

 

সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যার প্রতিটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

 

জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে রয়েছেন-তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন