ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি-এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএস-এর ফ্ল্যাটে জব্দ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম বরখাস্ত এই সেনা কর্মকর্তার ফ্ল্যাটে ইনভেন্টরি কার্যক্রম চালায়।
অভিযানে তার বাসায় থাকা বিভিন্ন সম্পদ ও আসবাবপত্রের পরিমাপ করা হয়।
এর আগে গত ২০ জুলাই নারায়ণগঞ্জে জিয়াউলের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ডুপ্লেক্স ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। ওই ফ্ল্যাট থেকে সাদা সোনা, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, অলংকার, শোপিস, ব্যবহার্য সামগ্রীসহ বিভিন্ন সম্পদ পাওয়ার কথা জানায় দুদক।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা করে দুদক।
আওয়ামী লীগ সরকার পতনের পর জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে।
ডিবিসি/ এসভিএন