জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। পুল ‘বি’-তে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। দলের হয়ে চারটি গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।
জুনিয়র এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে পরাজিত হয় তারা। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল বাংলাদেশের যুবারা।
কাজাখস্তানকে হারিয়ে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে বাংলাদেশের সংগ্রহ এখন ৩ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর টেবিলে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, চার ম্যাচ খেলেও এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কাজাখস্তান।
গ্রুপ পর্বে বাংলাদেশের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ নিয়ে নবমবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ।
ডিবিসি/এসএফএল