মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার চরম মূল্য চোকাতে হতে পারে গোটা বিশ্বকে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত যদি আগামী জুন মাস পর্যন্ত অব্যাহত থাকে, তবে বিশ্বজুড়ে নতুন করে আরও সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হবে বলে আশঙ্কা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ উদ্বেগজনক তথ্য তুলে ধরেন সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কো।
ডব্লিউএফপির সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যশস্য, জ্বালানি তেল এবং জাহাজীকরণ বা পরিবহন খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিবহনের এই ঊর্ধ্বগতির প্রত্যক্ষ প্রভাবেই বিশ্বের লাখ লাখ মানুষ নতুন করে খাদ্য সংকটের কবলে পড়বে।
কার্ল স্কো জানান, এ পরিস্থিতি বাস্তবে রূপ নিলে বিশ্বজুড়ে তীব্র ক্ষুধায় আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানের রেকর্ড প্রায় ৩২ কোটি ছাড়িয়ে এক ভয়াবহ আকার ধারণ করবে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য একটি চরম অশনিসংকেত।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি