আন্তর্জাতিক, আরব

জুমার নামাজের পর আল-আকসা মসজিদ থেকে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই জুলাই ২০২৬ ০৭:০৬:০০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ফিলিস্তিন ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১০ জুলাই) আল-আকসা মসজিদ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়।

আঞ্চলিক সংবাদমাধ্যম 'রয়া নিউজ'-এর প্রতিবেদকের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার আল-আকসা মসজিদের ভেতরের চত্বরে ফিলিস্তিনি মুসল্লি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে আকস্মিক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসরায়েলি পুলিশ মসজিদের ভেতর থেকেই শেখ মুহাম্মদ হোসেনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অধিকৃত জেরুজালেম শহরের একটি তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।


স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি ও উসকানিমূলক পদক্ষেপের কারণে আগে থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আজ শুক্রবারের জুমার নামাজকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং এরই একপর্যায়ে ফিলিস্তিনের সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়।


গ্র্যান্ড মুফতির এই আকস্মিক গ্রেপ্তার ঘটনায় ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় পর্যবেক্ষকেরা। তবে এই গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন