জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ এবং ২০২৪ সালে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের প্রধান লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে একটি শান্তিময় বাংলাদেশ গড়ে তোলা।
আজ সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউট সদস্যদের পরিবারকে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উল্লেখ করেন যে, শহীদদের রক্তের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই। তবে তাঁদের মহৎ উদ্দেশ্যের বাস্তবায়ন করতে হলে শুধু তাঁদের স্মরণ করলেই চলবে না; বেঁচে থাকা প্রতিটি মানুষকে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।
বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ও প্রাণ-প্রকৃতির পাশে দাঁড়ানোর মানসিকতা নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে। নিজে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১০ জন স্কাউট সদস্যের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক এবং সম্মাননা পদক তুলে দেন।
এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি গণঅভ্যুত্থানের শহীদদের অবদান ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তা জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
ডিবিসি/ এসভিএন