ভিন্ন ভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে ‘বিতর্কিত ভূমিকা’ ও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অন্যদিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া চার শিক্ষক হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান চান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান লিটু, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান এবং সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান (সায়েম রানা)।
জুলাই গণঅভ্যুত্থানে ‘বিতর্কিত ভূমিকা’ এবং আওয়ামী লীগ সরকারের আমলে ‘নানা কর্মকাণ্ডের’ অভিযোগে অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান চান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান লিটু ও অধ্যাপক ড. মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালে তাঁরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, জুলাইয়ে তাদের বিতর্কিত ভূমিকা ও আওয়ামী লীগ আমলে তাদের নানা কর্মকাণ্ডের ভিত্তিতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এদিকে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্তের কারণ ভিন্ন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করেই তিনি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। বিষয়টি অধিকতর তদন্তে তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স এবং সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন। তবে সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক ছিল।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের বিষয়ে খতিয়ে দেখতে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট। কমিটিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও সিনেট সদস্য ফরহাদ হালিম ডোনারকে।
এছাড়া একই সিন্ডিকেট সভায় ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানীর ছাত্রত্ব বাতিল এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খানকে জিএস ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গোলাম রব্বানীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে বলে জানান উপ-উপাচার্য।
সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ছাত্রী হলগুলোর গেট রাত ১১টায় বন্ধ হবে। এতদিন গেট বন্ধের সময়সীমা ছিল রাত ১০টা।
ডিবিসি/এসডব্লিউএন