জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে আগস্ট ২০২৬ ০৫:০৯:২১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আক্তারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহীদ জুবায়েরের বোন জেসমিন আক্তার ব্রেইন টিউমার (ব্রেইন স্টেম গ্লাইওমা) রোগে ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানামাত্রই তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


এরই পরিপ্রেক্ষিতে আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিউরোসায়েন্সেস হাসপাতালে যান। এ সময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।


প্রতিনিধিদলটি শহীদ জুবায়েরের পিতা-মাতার সাথে কথা বলেন এবং জেসমিন আক্তারের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


উল্লেখ্য, শহীদ জুবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার ব্রেইন টিউমারে আক্রান্ত।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন