প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "জুলাই সনদের প্রতিটি অক্ষর ও প্রতিটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে। বাংলাদেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার যে পবিত্র দায়িত্ব দিয়েছে, সেই দায়বদ্ধতা থেকেই এই অঙ্গীকার পূরণ করা হবে।"
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জুলাই সনদ স্বাক্ষরের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, "সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন জুলাই সনদ সই করার আহ্বান জানিয়েছিলেন, তখন বিএনপিই সবার আগে এগিয়ে এসেছিল। আমরা সেই সনদে সই করেছি কারণ আমরা এর প্রতিটি লক্ষ্যের সাথে একমত। ইনশাআল্লাহ, এর প্রতিটি লাইন আমরা বাস্তবায়ন করব।"
সনদ স্বাক্ষর নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে তারেক রহমান বলেন, "আমরা দেখেছি যারা এখন বিরোধী দলে আছে, তারা শুরুতে সিদ্ধান্ত নিতে গড়িমসি করেছিল। আবার আরেকটি দল আছে যারা নির্বাচনের আগে সই না করে সুযোগ বুঝে নির্বাচনের পর সই করেছে। যারা এখন জুলাই সনদ নিয়ে বড় বড় কথা বলছেন, তাদের কাছে আমার প্রশ্ন-এতই যদি দরদ থাকে তবে শুরুতে কেন সই করেননি?"
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "বিএনপির খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পেশাদার খেলোয়াড় তৈরির মতো জনমুখী উদ্যোগগুলো জনগণের ভাগ্যোন্নয়নের জন্য। যারা এসব কর্মসূচিতে বাধা দেবে, দেশের মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।"
তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমাদের সজাগ থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের ওপর আছর করছে এবং কারা আবার দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে, তাদের চিনে রাখতে হবে।"
জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ডিবিসি/এসএফএল