মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দলটির জেলা পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেন তামিম আহমদ। অভিযোগে মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে প্রধান অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে এহসান জাকারিয়া, মো. তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, দলীয় বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তামিম আহমদের পূর্ববিরোধ ছিল। তামিমের অভিযোগ, জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির জন্য এহসান জাকারিয়া তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর এহসান জাকারিয়া ও তারেক জামিল তামিমকে হত্যার হুমকি দেন।
তামিম আহমদ অভিযোগে উল্লেখ করেন, ঘটনার রাতে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে যাচ্ছিলেন। পথে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় পৌঁছালে এহসান জাকারিয়াসহ অন্য অভিযুক্তরা তাদের পথরোধ করেন।
এ সময় এহসান জাকারিয়া আবারও পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তামিম। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার নেতৃত্বে তামিমকে জোরপূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
তামিমকে উদ্ধারে তার সঙ্গে থাকা ব্যক্তিরা এগিয়ে এলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তামিমসহ সাতজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতব্বর বলেন, ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তবে অভিযোগে ওঠা চাঁদা দাবি, অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবিসি/এমএনকে