রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম আল রেজোয়ানসহ বেশ কয়েকজনের ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ জামালপুর জেলা ছাত্র কল্যাণের একাংশের পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী হিসেবে পরিচিত শহিদ মামুন হল ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রাকিব, রেজাউল ও বাঁধন হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালান। হামলাকারীরা ইফতার মাহফিলের আয়োজনস্থল ভাঙচুর করে এবং উপস্থিত সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ চালায়।
হামলার শিকার ও জেলা ছাত্র কল্যাণের একাংশের সভাপতি আলিম আল রেজোয়ান অভিযোগ করেন, তিনি দায়িত্বে থাকা অবস্থায় তাকে না জানিয়ে সেলিম রেজা নিয়মবহির্ভূতভাবে নিজের অনুসারীদের দিয়ে একটি কমিটি ঘোষণা করেন। ওই কমিটি প্রত্যাখ্যান করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সেলিম রেজার অনুসারীরা এই হামলা চালিয়েছে। মূলত ইফতার মাহফিল পণ্ড করতেই হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে ও তার কর্মীদের আহত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে, এই সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল কঠোর অবস্থান নিয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সূর্য, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিয়াম হোসেন এবং আহ্বায়ক কমিটির সদস্য আলিম আল রেজোয়ানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
ডিবিসি/টিবিএ