শনিবার (২৫ জুলাই) ভিলা বেলমিরোতে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস। দলের হয়ে দুটি গোলই করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে দলকে হারের হাত থেকে বাঁচালেও, হলুদ কার্ড দেখে লিগের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হয়েছেন সান্তোসের এই ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড।
প্রথমার্ধে খুব একটা আধিপত্য বিস্তার করে খেলতে না পারলেও, সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ এক বোঝাপড়ায় গোল করে সান্তোসকে বিরতির আগেই এগিয়ে দেন নেইমার। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শাপেকোয়েন্সে। কোচ রাফায়েল লাসের্দার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো মার্সিনহো এবং জিওভানি অগাস্টো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সান্তোসের রক্ষণভাগের নীরবতার সুযোগ নিয়ে সমতাসূচক গোলটি করেন মার্সিনহো। এর কিছুক্ষণ পরই (৬২ মিনিটে) জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিক সান্তোস।
প্রথমার্ধ থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারাও তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর জেরে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। আগের কার্ডের খড়গ থাকায় এই কার্ডের ফলে লিগে অ্যাথলেটিকোর বিপক্ষে আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার।
ম্যাচের শেষদিকে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। পরিষ্কার সুযোগ তৈরি করতে না পারলেও তারা চাপ প্রয়োগ করতে থাকে। অবশেষে ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর শাপেকোয়েন্সের ব্রুনো মাতিয়াস সান্তোসের কাবায়েরোকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার। তবে হার এড়ালেও ম্যাচ শেষে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে সান্তোস খেলোয়াড়দের।
এই ড্রয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোন থেকে আপাতত নিজেদের সুরক্ষিত রেখেছে সান্তোস। আগামী ৯ আগস্ট লিগের পরবর্তী ম্যাচে অ্যাথলেটিকোর মুখোমুখি হবে তারা। এর আগে কোপা দো ব্রাসিলে রেমোর বিপক্ষে দুটি এবং ইউসিভির বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলবে দলটি।
সূত্র: ইয়াহু স্পোর্টস
ডিবিসি/পিআরএএন