ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের দুটি গোলই করেন নেইমার। ম্যাচের ৩৬তম মিনিটে প্রথম গোল করার পর দর্শকদের দিকে তাকিয়ে তাস বিলি করার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। মুহূর্তেই সেই উদ্যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই উদ্যাপনকে অনেকেই নেইমারের সাম্প্রতিক বিতর্কের জবাব হিসেবে দেখছেন। কোপা সুদামেরিকানার প্লে-অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোস যখন ভেনেজুয়েলায় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছিল, তখন সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকাকে। দল মাঠে থাকলেও তার পোকার টেবিলে উপস্থিতি সমর্থকদের একাংশের তীব্র সমালোচনার জন্ম দেয়।
তবে পরে সান্তোসের প্রধান কোচ কুকা এ নিয়ে ব্যাখ্যা দেন। তার দাবি, ইনজুরি থেকে ফেরার পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবেই দীর্ঘ সফরে নেইমারকে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ক্লাবের নির্ধারিত অনুশীলন শেষ করার পর নিজের ছুটির দিনেই তিনি পোকার টুর্নামেন্টে অংশ নেন।
সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানও স্পষ্ট করেন নেইমার। তিনি লেখেন, ‘সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি, এরপর আবার অনুশীলনে ফিরেছি। সেদিন আমার ছুটির দিন ছিল।’ এরপর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে যোগ করেন, ‘নিজেদের কাজে মন দিন।’
শাপেকোয়েন্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে টানা দুই গোল হজম করে চাপে পড়ে সান্তোস। তবে ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার এবং হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে ম্যাচটি পুরোপুরি সুখকর হয়নি ব্রাজিলিয়ান তারকার জন্য। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় হলুদ কার্ড দেখেন তিনি। চলতি মৌসুমে সিরি ‘আ’-তে এটি তার তৃতীয় হলুদ কার্ড। ফলে নিয়ম অনুযায়ী সাসপেনশনের কারণে সান্তোসের পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার।
ডিবিসি/আরএফই