বাংলাদেশে তেলের দাম বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি উল্লেখ করেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনো তেলের দাম সেভাবে বাড়ায়নি। তবে বর্তমানে সরকারি তহবিল থেকে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হওয়ার কারণে জাতীয় অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সেখানে তিনি ইয়ংওয়ানের পক্ষ থেকে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেন। মন্ত্রী বলেন, এভাবে উচ্চ মূল্যে জ্বালানি কেনা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের আর্থিক তহবিল ও উন্নয়ন কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব পড়বে। যদিও সরকার বর্তমানে এই সংকট সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট এই জ্বালানি সংকটকে শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক সংকট হিসেবে অভিহিত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আগামীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সাথে পর্যালোচনা করছে।
ডিবিসি/আরএসএল