বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখী, ঠিক সেই মুহূর্তে দেশে দর সমন্বয়ের নামে নতুন করে তেলের দাম বাড়ানোর ঘোষণাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, এমনিতেই জীবনযাত্রার ব্যয় মেটাতে মানুষ হিমশিম খাচ্ছে; এর মধ্যে জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় এই নেতা তাঁর ফেসবুক পেজে লেখেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, তা খুবই দুঃখজনক। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের নিত্যদিনের দুর্দশার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, জনজীবনে মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। এই চরম সংকটের মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবেই আবির্ভূত হবে।
ডিবিসি/পিআরএএন