মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের শঙ্কায় দেশে জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে গতকাল সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব পদক্ষেপের কথা জানান। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন, পাকিস্তানের অর্থনীতি, কৃষি এবং পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানির ওপর নির্ভরশীল।
নতুন নির্দেশনায় আগামী দুই সপ্তাহের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধেক কর্মকর্তা-কর্মচারীকে বাসা থেকে কাজ (হোম অফিস) করতে বলা হয়েছে এবং অফিসগুলোতে সাপ্তাহিক ছুটি আরও এক দিন বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসের পাশাপাশি সরকারি ব্যয় ও জ্বালানি ব্যবহার কমাতেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গাড়িতে বর্তমানের চেয়ে কম জ্বালানি বরাদ্দ দেওয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অফিসগুলোতে এসি, ফার্নিচারসহ অন্যান্য পণ্য কেনাকাটার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীসহ সব সরকারি কর্মকর্তার বিদেশ সফরের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান সরকার।
ডিবিসি/আরএসএল