দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মে বার কাউন্সিলের সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বার কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে চলা বর্তমান জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচার-প্রচারণা ও অন্যান্য নির্বাচনি কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার থেকে নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়েছিল। এসব আবেদন ও অনুরোধ আমলে নিয়েই জরুরি সভায় ১৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনটি স্থগিত করা হয়েছে। তবে স্থগিত হওয়া এই নির্বাচনের পরবর্তী তারিখ সম্পর্কে বিবৃতিতে নতুন করে কিছু জানানো হয়নি।
এদিকে, এই নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন একটি ঘটনায় কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ডিবিসি/পিআরএএন